শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর নির্বাচনী প্রতীক হিসেবে ‘তালা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর ব্যারিস্টার আনোয়ার হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি আশা প্রকাশ করেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন, দোয়া ও ভালোবাসার মাধ্যমেই একটি জনকল্যাণমুখী ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, আলেম-ওলামা, তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণই তাঁর রাজনীতির মূল শক্তি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে নির্বাচনী প্রচারণা পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেন সুনামগঞ্জ–৩ আসনের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।