দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম সাজ্জাদ মিয়া (৪৫)। তিনি হোসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন দিরাই থানার এসআই হেলাল মিয়া ও এসআই বিল্লাল। হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে তার চাচা নুরুল ইসলামসহ কয়েকজন স্বজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার সহযোগিতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। আসামিকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার লক্ষ্যে গ্রামে জরুরি বৈঠকে বসেছেন স্থানীয় এলাকাবাসী।
তবে জগদল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া বলেন, তিনি শুনেছেন পুলিশ সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করেছিল এবং পরে তার আত্মীয়রা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে হাতকড়াটি পুলিশের হাতেই দেখেছেন বলে দাবি করেন তিনি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলার এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে তার স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে। তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।