স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব অর্পণ করেন বিদায়ী প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে রবিবার সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মিজানুর রহমান চৌধুরীকে।
নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সুনামগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।