সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শক্তিয়ারখলা সড়কের গ্রামীণ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— তাহিরপুর উপজেলার বুরুঙ্গাছড়া-বড়ছড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আলী হোসেন (৪৫), কলাগাঁও এলাকার হাছান আলী (৪৬) এবং লাকমা গ্রামের মূছা মিয়ার ছেলে সোহাগ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকে সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।