দিরাই প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সুনামগঞ্জের দিরাইয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে দিরাই পৌর সদরের দিরাই-শাল্লা সড়কের দাউদ-রাধানগর পয়েন্টে সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মতিউর রহমান খান, সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার,পৌর বিএনপি সদস্য কয়সর আহমদ এবং কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিনসহ সড়ক বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
উদ্বোধন শেষে অতিথিরা সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।